সোনারগাঁ উপজেলায় বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অবৈধ বালুমহলের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন খামারগাঁও গ্রামের মৃত আরজ আলীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন টেকপাড়া আমিরাবাদ এলাকার নূর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়ুব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)। গত রবিবার গভীর রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড়ো ভাই মনির হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও নূর মিয়ার ছেলে আমির হোসেনের নেতৃত্বে ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে আসছে। ঐ বালুমহালের টাকার ভাগাভাগি নিয়ে গত রবিবার রাতে নবী হোসেন ও আমির হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয় ও ধারালো অস্ত্র দিয়ে পরস্পরের ওপর হামলা চালায় তারা।
এ সময়ে ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন, আল-আমিন, আবু হানিফ ও সিরাজ মারাত্মকভাবে জখম হন। এদের মধ্যে আহত জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।