জাপানের কাওয়াগুচি শহরের কাহাল আর্ট গ্যালারিতে বাংলাদেশিসহ ছয় দেশের ৩০ জন শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী রবিবার উদ্বোধন করেন জাপানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জাকির হাসান।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর শুরু হয়। উদ্বোধনের পর সদ্যপ্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাহাল গ্যালারির প্রতিষ্ঠাতা কামরুল হাসান লিপু ও জাপানি চিত্রশিল্পী হিতাশী তানাকা। অতিথিরা প্রদর্শনীর পর শিল্পকর্মগুলো ঘুরে ঘুরে দেখেন ও বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশি শিল্পীরা তাদের আঁকা পেইন্টিং নিয়ে অংশ নেন। অন্যান্য দেশের শিল্পীরা পেইন্টিং ও ক্রফট নিয়ে অংশ নেন। বাংলাদেশি শিল্পীদের মধ্যে নাজমুন নাহার রহমানের আঁকা চিত্রকর্ম ‘রিফ্লেকশন’ দর্শকদের নজর কাড়ে।
ষাড়ং আর্ট গ্রুপ এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে। নেপাল ও শ্রীলঙ্কার পর তারা এবার জাপানে এ প্রদর্শনীর আয়োজন করল।