৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উত্পাদন হয়: পাপন

বিসিবি সভাপতি ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, সরকার সব সময় ওষুধের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করেছে। তবে সব সময় তা সম্ভব হয়না। শতকরা ৯৫ ভাগ ওষুধের দামই স্থিতিশীল ছিল। তবে এভাবে কাঁচামালের দাম বাড়তে থাকলে সরকারের পক্ষে ওষুধের দাম কমিয়ে রাখা সম্ভব না। একটি এপিআই ইন্ডাস্ট্রি করার জন্য আমরা অনেকদিন যাবত্ বলে আসছি। আমরা ৯৮ ভাগ ওষুধ স্থানীয়ভাবে উত্পাদন করি। এটা আমাদের একটা বড় শক্তি। কিন্তু ওষুধের কাঁচামালের ৯৫ ভাগ আমরা আমদানি করি। এদিক থেকে আমরা পিছিয়ে। অবশ্য এটা আমাদের জন্য মাথাব্যথা ছিল না কারণ, বাইরে থেকে কাঁচামাল আমদানি করাই লাভজনক ছিল।

সোমবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এপিআই ঔষধ শিল্প পার্কে বর্জ্য শোধনের জন্য কেন্দ্রীয়ভাবে ইটিপি’র ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিসিবি ও ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ম্যানেজিং ডিরেক্টর পাপন এসব কথা বলেন। এর আগে তিনি এপিআই ঔষধ শিল্প পার্কে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।