পানি দূষণমুক্ত করতে দুই সিটির সঙ্গে ওয়াসাকে কাজ করার সুপারিশ

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি জীবাণু ও দূষণমুক্ত করতে দুই সিটি করপোরেশন ও ওয়াসাকে সমন্বিতভাবে কাজ করাসহ চার দফা সুপারিশ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ করেছে।

সুপারিশ-সংক্রান্ত প্রতিবেদনটি চলতি সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।

সুপারিশে বলা হয়েছে, সুপেয় পানির সরবরাহ নিরাপদ ও  দূষণমুক্ত রাখতে অবৈধ পানির সংযোগ বন্ধ করতে হবে। পানিদূষণ বা  জীবাণূর সংক্রমণ ঠেকাতে ঢাকা ওয়াসার উচিত পানি সরবরাহ লাইনগুলো মেরামত ও আধুনিক করা। এ জন্য ঢাকা ওয়াসাকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ঢাকা শহরে সরবরাহ করা পানির মান যাচাই ও মনিটরিং করতে তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যাম্পেইন চালু করা। বছর জুড়ে এই ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে। এই ক্যাম্পেইনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে। বাসাবাড়িতে থাকা পানির জলাধারগুলো পরিষ্কার রাখতে ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাতে হবে।

আগামী ৫ ডিসেম্বর এই প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।