মো. মাহমুদুল হক
সহকারী প্রধান শিক্ষক
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গাজীপুর
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমাদের এসএসসি পরীক্ষার আর মাত্র দুই মাসের মতো সময় বাকি আছে । সুদীর্ঘ পাঁচ বছর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার পর এই পাবলিক পরীক্ষায় অংগ্রহণ করতে যাচ্ছ । অবশ্য এর আগে তোমরা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো । কিন্তু তখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলে । এখন মাধ্যমিক এর গণ্ডি পার করবে, তাই বলা চলে কিছুটা বড়ো হয়েছো । আর জেএসসির তুলনায় এসএসসি কিছুটা কঠিন বলে আমি মনে করি । তেরো বছরের বালাই আর পনেরো/ষোল বছরের বুদ্ধিমত্তা এক নয় । তাই এই কয়দিন সময়টাকে খুব গুরুত্ব দিতে হবে । কেননা এই পরীক্ষার ফলাফল তোমার পরবর্তী জীবনে প্রভাব ফেলবে । তাই পরীক্ষায় কীভাবে ভালো ফলাফল করা যায় সেই চেষ্টা করবে । আমি জানি তোমরা অনেকেই পরীক্ষার চিন্তায় বিভোর আছো । চিন্তা-ভাবনা থাকা ভালো, তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই । পরিকল্পনা মতো এগিয়ে গেলে যে কোনো অভিযানেই সফলতা আসে । সেজন্য চাই দৃঢ় প্রত্যয় । নিজের ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে । তোমার জীবনের লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করতে হবে এবং সেই মোতাবেক পড়াশোনা করতে হবে ।