চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীতে গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরীর মাইজপাড়া শেরশাহ দিঘিরপাড়ের বিভিন্ন কলোনিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি রাইজার থেকে নেওয়া ৬৭টি গ্যাসের চুলা সংযোগ ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগ ১০-১২টি কলোনির বিভিন্ন বাসায় অবৈধভাবে নেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ইত্তেফাককে জানান, অভিযানকালে দেখা যায় কিছু প্রতারকচক্র রাইজার থেকে কয়েক শ গ্যাসের চুলা সংযোগ করে অবৈধভাবে ব্যবহার করছে যা অতি ঝুঁকিপূর্ণ ও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রেজা কলোনি, গিয়াসউদ্দিন কলোনি, রশিদ কলোনি, আলী কলোনি, মাস্টার কলোনি, ফরিদ কমিশনার কলোনির বাসিন্দারা নিজেদের মতো করে সংযোগ স্থাপন করে গ্যাস সরবরাহ করে। এলাকাবাসী ও ভাড়াটিয়ার দেওয়া তথ্যমতে ডলফিন নাসির, জসিমউদ্দীন, মইনুদ্দীন আরিফ ও কসাই মোস্তফা নামের কয়েক জন এসব প্রতারণার সঙ্গে জড়িত। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় প্রতারকচক্রকে ধরা সম্ভব হয়নি। তবে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মামলা করা হবে।
অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম (উত্তর) মো. রফিক খান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক ভিজিলেন্স (উত্তর) আবদুল কাদের, মোতাহের হোসেন ও তানজিম জামানসহ র্যাব ও পুলিশের টিম অংশ নেয়।