শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবৈধভাবে কাঁকড়া শিকার করার দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার কাঁকড়ার দুই জন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার গভীর রাতে বনরক্ষীরা বলেশ্বর নদীতে নিয়মিত টহলকালে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে বনের নদী থেকে অবৈধভাবে ধরে আনা ১ হাজার ১৫০ কেজি কাঁকড়া জব্দ ও নৌকায় থাকা ২৪ জেলেকে আটক করে। আটক জেলেদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। পরে মঙ্গলবার দুপুরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাঁকড়ার মালিক মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের তরিকুল ইসলাম ও ছালাম শেখকে ১ লাখ টাকা জরিমানা আদায় এবং উদ্ধারকৃত কাঁকড়া নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।