ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের হাটবাজারগুলোতে শীতকালীন শাকসবজির পর্যাপ্ত আমদানি থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। শহরের আনন্দবাজার, ফারুকী বাজার, মেড্ডা, বর্ডার বাজারসহ সবকটি বাজারেই চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টম্যাটো প্রতি কেজি ৮০-৮৫ টাকা, প্রতিটি ফুলকপি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ৩৫-৪০ টাকা, লাল শাক ২৫-৩০ টাকা, সিম ৬০-৭০ টাকা এবং লাউ প্রতিটি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেশ কয়েক জন ক্রেতা বলেন, বাজারের যে অবস্থা তাতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। বিক্রেতারা উচ্চমূল্যের বিষয়টি স্বীকার করে বলেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির বাজার কিছুটা চড়া।
সবজির ক্রেতা আবুল হোসেন বলেন, এ শীত মৌসুমে বাজার ভরা সবজি থাকত, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। বিভিন্ন শীতকালীন সবজির দাম আমাদের মতো নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। জেলার সরাইল, নাসিরনগর, নবীনগর, বিজয়নগরসহ বিভিন্ন উপজেলায় সবজির ব্যাপক চাষ হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সবজির ভরা মৌসুম শুরু হবে, তখন দামও কমে আসবে।