এমপিওভুক্তির দাবিতে বরিশালে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

বরিশাল অফিস

এমপিও নীতিমালা ২০১৮ ও জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি কলেজ সমূহের অনার্স মাস্টার্স কোর্সের কর্মরত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম। ফোরামের বরিশাল জেলার সভাপতি মো. ইউনুস শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, সনাক বরিশাল জেলার সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বাকশিস আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাকশিস জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সিপিবির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ প্রমুখ।