ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ আরো ২৮ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ১৫৯ জনের তালিকা তৈরি ও তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করে দুদক। গতকাল অনুসন্ধানের তালিকায় নতুন ২৮ জনকে সম্পৃক্ত করায় কমিশন মোট ১৮৭ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলো।
এ ব্যাপারে দুদক মহাপরিচালক সাঈদ মাহবুব খান বলেন, ক্যাসিনো সম্পৃক্ততার বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে। ইতিমধ্যে ১৫৯ জনের তালিকা আমাদের হাতে আছে। তার সাথে আরো ২৮ জনকে অনুসন্ধানে যুক্ত করেছি। এদের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা ও বেসরকারি কর্মকর্তাও রয়েছেন। তিনি আরো বলেন, নতুন এই ২৮ জনের মধ্যে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়নের কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে।
দুদক সূত্র জানায়, শুদ্ধি অভিযানে দুদকের তালিকায় অভিযুক্ত দুর্নীতিবাজদের সংখ্যা এখন ১৮৭ জন। যার মধ্যে রয়েছে সরকার দলীয় ৪ এমপি, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের নাম। প্রতি সপ্তাহেই লম্বা হচ্ছে দুদকের করা দুর্নীতিবাজদের তালিকা। দুদকের এই তালিকায় রয়েছেন বরিশালের এমপি পংকজ নাথ, নারায়ণগঞ্জের এমপি নজরুল ইসলাম বাবু, চট্টগ্রামের শামসুল হক চৌধুরী, ভোলার নূরন্নবী চৌধুরী শাওন, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।
নতুন ২৮ জনের ব্যাপারে কমিশনের একটি সূত্র জানায়, তালিকায় নতুন যাদের নাম সম্পৃক্ত হয়েছে তাদের প্রত্যেকে জিকে শামীমের সঙ্গে আর্থিক লেনদেন করেছেন। তাদের মধ্যে রয়েছে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়নের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী, কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকাদার। কমিশন ইতিমধ্যে তাদের অর্থিক লেনদেনের নথিপত্র এবং তাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সেটা যাচাই বাছাই করেছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে এই ২৮ জনের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে কমিশন। এসব অবৈধ সম্পদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে কমিশন শিগিগরই তাদের তলব করবে।