মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য ২০২০ সালের নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লন্ডনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না। তবে চুক্তির জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করাই ভাল হবে। যদিও চীন এখনই চুক্তি করতে চায়। কিন্তু আমরা যাচাই করে দেখছি সেটা সঠিক হবে কিনা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থ সংক্রান্ত তথ্য প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে আদালতের ট্রাম্পের আরেকটি পরাজয় ঘটলো। গতকাল ম্যানহাটনের একটি আপিল কোর্ট ডয়চে ব্যাংক ও ক্যাপিটাল অন ফিন্যান্সিয়াল করপোরেশনকে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থ সংক্রান্ত গোপন তথ্য প্রতিনিধি পরিষদকে দেওয়ার নির্দেশ দেয়। প্রতিনিধি পরিষদের দু’টি কমিটি এই তথ্য পেতে ব্যাংক দুটির কর্তৃপক্ষকে তলব করেছিল। কিন্তু প্রেসিডেন্ট এই তলবে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আদালত গতকাল সেই আবেদন নাকচ করে দিয়েছে। -রয়টার্স