যুক্তরাষ্ট্রের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তাবিষয়ক সহকারী প্রতিরক্ষামন্ত্রী র?্যান্ডল শ্রাইভার দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। সফরকালে তিনি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য, এ খাতে সহযোগিতা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যাধুনিক অস্ত্র ক্রয়বিষয়ক চুক্তি আকসা (একুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং অস্ত্রবিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে আলোচনা চলছে। তার সফরে এ বিষয়টি প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য এরই মধ্যে ফোর্সেস গোল ২০৩০ ঘোষণা করেছে। ঐ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।