রেলপথ মন্ত্রণালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ শিরোনামে সেবা সপ্তাহ, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের নিয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যাত্রীর অভিযোগ শুনতে প্রতিটি রেল স্টেশন পরিদর্শন করবেন কর্মকর্তারা। রেলওয়েতে সমস্যা কী আছে, সমস্যার সমাধান কীভাবে করা যায়—এসব বিষয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলবে টিমগুলো।
এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বলেন, যাত্রীর সুবিধা-অসুবিধা জানতে ট্রলি করে প্রত্যেক স্টেশনে গিয়ে যাত্রীর সঙ্গে কথা বলবেন রেলকর্মকর্তারা। যাত্রীর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নোট করে তা সমাধানের ব্যবস্থা করা হবে।
সূত্র জানায়, সেবা সপ্তাহে টাস্কফোর্সের কর্মকর্তারা টিকিট কালোবাজারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যাত্রীদের টিকিট পাওয়ার ক্ষেত্রে যাতে হয়রানিতে না পড়তে হয়, সেটি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে টাস্কফোর্সকে। তারা সূচি মেনে ট্রেন চলাচল নিশ্চিত করা, প্ল্যাটফরম পরিচ্ছন্ন রাখা, চলন্ত ট্রেনের টয়লেট পরিষ্কার কি না তা তদারক করবে। এ ছাড়া রেল লাইনের ওপর থাকা পদচারী সেতু ও উড়াল সড়কে নিরাপত্তা ঝুঁকি আছে কি না তাও পরীক্ষা করবে। চলন্ত ট্রেনের পানি ও পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা আছে কি না, যাত্রীদের সঙ্গে ট্রেনের কর্মীদের আচরণ ও ট্রেন চলাচলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্পরতাও পর্যবেক্ষণ করবে। অপর দিকে সেবা সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর কমলাপুর, চট্টগ্রামসহ দেশের রেলের বড়ো স্টেশনগুলোতে যাত্রীদের বিনামূল্যে প্রাথমিক চিকিত্সা সেবা দেবেন রেলওয়ে হাসপাতালের চিকিত্সকেরা। যাত্রীদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিক পরীক্ষা করা হবে চিকিত্সা সেবার আওতায়। এছাড়া সেবা সপ্তাহ উপলক্ষ্যে রেল ভবনে অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রেলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর আবদুল গণি রোডে রেলের প্রধান কার্যালয় রেলভবনে আলোকসজ্জা করা হয়েছে।