গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ঐ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো কুড়িগ্রামের রৌমারী থানার পূর্ব ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার ধনারচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।
মঙ্গলবার বিকালে কোনাবাড়ী থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান এক প্রেস ব্রিফিং-এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকার আঞ্জুমান পাম্পের পাশে নাভিলা পরিবহনের কাউন্টারের সামনে থেকে যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় তাদের বাসায় আরো ইয়াবা ট্যাবলেট আছে। পরে তাদের নিয়ে কোনাবাড়ীর কুদ্দুছ নগর এলাকায় আকবর মোল্লার বাড়ির ছয় তলায় একটি ফ্ল্যাটে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ঐ দুই জনের কাছ থেকে আরো ১৫ হাজার ২০০ পিসসহ মোট ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কোনাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসেন জানান আটককৃতরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী রৌমারী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর মহানগরী ও ঢাকার বিভিন্ন মাদকস্পটে বিক্রি করে আসছিল। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়েছে।