আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় এক জাপানীসহ নিহত ৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক জাপানি সহায়তা সংস্থার প্রধানসহ ছয় জন নিহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থল নানগারহার প্রদেশের কর্মকর্তারা। খবর রয়টার্স’র।

নানগারহার প্রদেশের গভর্নর মুখপাত্র আত্তুল্লাহ খোগানি জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় ড. তেতসু নাকামুরার সঙ্গে তার তিন দেহরক্ষী, গাড়িচালক ও এক সহকর্মী নিহত হয়েছেন।  

নানগারহার প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। নাকামুরা তার কাজের জন্যই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে মনে করছেন সোহরাব কাদেরি। 

তেতসু নাকামুরা ‘পিস জাপান মেডিকেল সার্ভিসেস’র প্রধান ছিলেন। সহায়তা সংস্থাটি আফগানের সেচ ও কৃষিক্ষেত্র পুনর্নির্মাণে দীর্ঘদিন কাজ করে আসছে। কয়েক দশক ধরে আফগানিস্তানে মানবিক কাজের জন্য নাকামুরা সম্প্রতি আফগানের নাগরিকত্ব পেয়েছেন।  

নাকামুরা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হতবাক হয়েছি যে তাকে এভাবে মারা যেতে হলো।’ আফগানিস্তানের মানুষের জন্য কাজ করতে গিয়ে সেখানকার বিপজ্জনক পরিস্থিতিতে তিনি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলেন এবং আফগানিস্তানের মানুষ তার কাজের জন্য কৃতজ্ঞ ছিলেন বলে উল্লেখ করেন অ্যাবে। 

আরও পড়ুন: চীনের উইঘুরদের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল পাশ

কাবুলে জাতিসংঘের গাড়িতে গ্রেনেড হামলার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটলো। এ হামলা বিশ্বের দীর্ঘকালীন দ্বন্দ্বের মধ্যে যারা মানবিক কাজ করছেন তাদের ভয় আরও বাড়িয়ে তুলল।