ওশান ড্যান্স ফেস্টিভ্যালে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর

‘আনন্দ যজ্ঞে আমরা’

পর্যটন শহর কক্সবাজারে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ওশান ড্যান্স ফেস্টিভ্যাল-২০১৯। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এই ফেস্টিভ্যালের আয়োজন করে। সাগর তীরে কক্সকার্নিভ্যালে অনুষ্ঠিত ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী উত্সবের দ্বিতীয় দিনে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দলীয় সৃজনশীল নৃত্য ‘আনন্দ যজ্ঞে আমরা’।

উত্সবে অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ড. জাফর ইকবাল এবং নৃত্য গবেষক লুবনা মরিয়ম প্রমুখ। ১৫টি দেশের ২ শতাধিক নৃত্যশিল্পীসহ বাংলাদেশের নৃত্যশিল্পী, গবেষক, প্রশিক্ষক, কোরিওগ্রাফার ও জাতীয়ভাবে নির্বাচিত নৃত্য সংগঠনগুলো উত্সবে অংশগ্রহণ করে।

বাংলাদেশের গুণী নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, সাজু আহমেদ, দিপা খন্দকার, মুনমুন আহমেদ, তামান্না রহমান, বেলায়েত হোসেন খান, এম আর ওয়াসেক, অমিত চৌধুরী, ওয়ার্দা রিহাবসহ অনেকেই দল নিয়ে উত্সবে অংশগ্রহণ করে উত্সবটি প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলেন। উত্সবের প্রথমদিন লোকজ নৃত্য, দ্বিতীয় দিন সৃজনশীল নৃত্য, তৃতীয় দিন উচ্চাঙ্গ নৃত্য ও সমাপনী দিন অনুষ্ঠিত হয় নৃত্যনাট্য ‘বাদী-বান্দীর রূপকথা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নৃত্যশিল্পী তাবাসসুম আহমেদ।