নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়। সমাজের স্বাভাবিক শিশুদের মতো তাদেরও খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে। সরকার সমাজের এই সব অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মূলধারায় নিয়ে আসার জন্য নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বৃহস্পতিবার শহরের দয়ালের মোড়ে অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন, সমাজসেবক এসএম সামছুল আলম, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীরা গান, নৃত্য ও সংগীত পরিবেশন করে আগত দর্শকদের মুগ্ধ করে।