চট্টগ্রাম শিল্পকলায় শুরু হলো গ্রুপ থিয়েটার নাট্যোত্সব

চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উত্সব। উত্সব উপলক্ষে গত ১ ডিসেম্বর বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির অনুরুদ্ধ মুক্তমঞ্চে ‘নাটক হোক অহর্নিশ মানবিক উচ্চারণ’ শিরোনামে এই গ্রুপ থিয়েটার উত্সবের উদ্বোধন করা হয়।

উত্সব আহ্বায়ক ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, ‘নাটক সত্যিকার অর্থে সমাজ বদলের হাতিয়ার। মানুষের অধিকার আদায়ের অব্যর্থ অস্ত্র।’

নাট্যকর্মী গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক ও উত্সব সদস্য সচিব মুহাম্মদ শাহ আলম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদার, ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক নাট্যজন অভিজিত্ সেনগুপ্ত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটক সবচেয়ে অগ্রসরমান সমৃদ্ধ শিল্প মাধ্যম। নাটক তথা সংস্কৃতির মাধ্যমে সমস্ত অমানবিকতা দূর করে সত্যিকার মানবিক সমাজ গঠন সম্ভব। নাটক সত্য উচ্চারণে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ সামাজিক যাবতীয় বিশৃঙ্খলার অবসান ঘটানো যায়। সামাজিক অবক্ষয় থেকে মুক্তির জন্য নাটক অনন্য হাতিয়ার।

অনুষ্ঠানে উত্সব ঘোষণা পাঠ করেন নাট্যজন সঞ্জীব বড়ুয়া। অভ্যুদয় সংগীত অঙ্গন উদ্বোধনী সংগীত এবং স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স দলীয় নৃত্য পরিবেশন করে। পরে মিলনায়তনে তির্যক নাট্যগোষ্ঠী পরিবেশন করে নাটক ‘রোমিও জুলিয়েট’। সুধাংশু রঞ্জন ঘোষ অনূদিত উইলিয়াম শেক্সপিয়রের অমর এই ট্র্যাজেডি নাটকের নির্দেশনা দেন অসীম দাশ।

২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ছিল জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের নাট্যকলা বিভাগ পরিবেশিত নাটক ‘আমি মানুষ’ এবং চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের দলীয় আবৃত্তি পরিবেশনা। সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক ‘শেষ বিকেলের গল্প’ পরিবেশন করে অঙ্গন থিয়েটার ইউনিট। ৩ ডিসেম্বর নান্দীমুখ পরিবেশন করে নাটক ‘তবুও মানুষ’। ৪ ডিসেম্বর প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করে নাটক ‘রাজারানি’। আজ গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কমরেডস হাত নামান’। আগামীকাল কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘যদি আর একবার’। ৭ ডিসেম্বর উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘ফুল কুমারী’। ৮ ডিসেম্বর অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘নবান্ন ফিরে আস’। ৯ ডিসেম্বর লোক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘ভল্লুক’। ১০ ডিসেম্বর কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘চিড়’। ১১ ডিসেম্বর নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘ইউএসটিসি বধ্যভূমি’। ১২ ডিসেম্বর সমীকরণ থিয়েটার পরিবেশন করবে নাটক ‘এই কি স্বাধীনতা’। ১৩ ডিসেম্বর অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘দুতিয়ার চাঁন’ ও ১৪ ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপ, চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘ইজ্জত’।

এছাড়া প্রতিদিন মুক্তমঞ্চে বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, দলীয় সংগীত, পথনাটক, নাটকের গান, মূকাভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

এছাড়াও ১৩ ডিসেম্বর দিনব্যাপী নাট্যকর্মী সম্মিলন এবং ১৪ ডিসেম্বর সমাপনী দিবসে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।