ষষ্ঠতম গুরু পদার্পণ দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাতব্যাপী লালন স্মরণোত্সব অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর সন্ধ্যা থেকে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের আব্দুল হালিম চিশতীর বাড়িতে তরিকতে আহলে বাইত সংগঠন কেন্দুয়া শাখার আয়োজনে এ উত্সব অনুষ্ঠিত হয়। উত্সবের উদ্বোধন করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হালিম চিশতী। আব্দুল বারীর সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া। উদ্বোধন শেষে শুরু হয় কুষ্টিয়া থেকে আগত লালন চর্চা কেন্দ্র সদর আশ্রমের শিল্পীদের লালন সংগীতের আসর। এতে গান পরিবেশন করেন শিল্পী মাহফুজা মান্না মনি (মনিষা), রতন শাহ, মিজানুর রহমান ভুট্টু ও মনিকা খানম সুমী। উত্সবে লালন ভক্ত’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার সংগীতপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।