দিনাজপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভিড়

গতকাল দিনাজপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পেঁয়াজ বিক্রির খবরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। কারো ভাগ্যে জুটেছে ৪৫ টাকা কেজি দরের এক কেজি পেঁয়াজ। আবার কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন।

বাজারে পেঁয়াজের মূল্য কিছুটা সহনশীল পর্যায়ে রাখতে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে-এমন খবরে গতকাল বুধবার সকাল থেকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ভিড় করে ক্রেতারা। দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কম দামে পেঁয়াজ কিনেন চড়া বাজারে হাঁপিয়ে ওঠা ক্রেতারা। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পেঁয়াজ কিনেন তারা।

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সবার সঙ্গে আমিও লাইনে দাঁড়াই। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এগিয়ে যেতে যেতে দেখি পেঁয়াজ শেষ। বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে টিসিবির পেঁয়াজ দেওয়া হবে, সেখানেই গিয়ে পেঁয়াজ কিনব।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবেদ আলী বলেন, বরাদ্দ আরো বেশি হলে বেশি মানুষ সুবিধা পেত।

শহরের ঘাসিপাড়া নিবাসী স্কুলশিক্ষক মোশাররফ হোসেন বলেন, এ মুহূর্তে ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে অন্যরকম আনন্দ লাগছে।