হবিগঞ্জে মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। কলেজের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে প্রায় ১৫ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগে ইতিমধ্যে সুষ্ঠু তদন্তের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সচেতন নাগরিকরা। গত মঙ্গলবার দুপুরে দুর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের একটি টিম। দিনব্যাপী পুরো মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা ছাড়াও প্রতিটি ক্রয়কৃত জিনিস সম্পর্কে তদন্ত ও মালামালের ছবি উঠিয়ে নেন দুদক কর্মকর্তারা। তদন্তকালে কলেজ অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক মো. এরশাদ মিয়া বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা প্রাথমিক তদন্তে এসেছি। পরবর্তীতে দুর্নীতির প্রমাণ ও কমিশনের অনুমতি পাওয়া গেলে বিস্তারিত তদন্ত করা হবে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (নির্মাণ ও মেরামত অধিশাখা) মো. আজম খানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।