গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিওর অ্যাওয়ার্ড (জিএসইএ) ২০২০ ঘোষণা করল এন্ট্রাপ্রেনিওরস অর্গানাইজেশন-ইও বাংলাদেশ। প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থী উদ্যোক্তার জন্য পুরস্কার হিসেবে থাকছে ৪০ হাজার মার্কিন ডলার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যেকোনো উদ্যোক্তা ছাত্রছাত্রী আগামী ১ জানুয়ারি ২০২০-এর মধ্যে আবেদন করতে পারবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ও আমান স্পিনিং মিল লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান ও কাজী আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক কাজী। এ সময় উপস্থিত ছিলেন ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেক্ট ও মেম্বারশীপ চেয়ার জারিন মাহমুদ, স্পেলবাউন্ড লিও বার্নেটের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান গাজী গোলাম সারোয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, জিএসইএ পুরস্কার ২০২০-এর জন্য সেমিফাইনাল আগামী ৭ ও ৮ জানুয়ারি এবং গ্র্যান্ড ফাইনাল ১১ জানুয়ারি রজধানীর তেজগাঁওয়ে আরটিভি স্টুডিওতে অনুষ্ঠিত হবে। পরবর্তিতে আন্তর্জাতিকভাবে পুরস্কারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে।