ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আজ ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার উন্নয়ন করতে পারছি। ২০০৯ সালে আপনারা যখন আমাকে এমপি নির্বাচিত করেন, তখন এই তিন উপজেলার মাত্র ৩২ ভাগ মানুষ বিদ্যুত্ সুবিধা পেত। আজ ৯২ ভাগ বিদ্যুত্ সুবিধা পাচ্ছে। তিনি আরো বলেন, আমি আপনাদের পাশে থেকে আগামী ৪ বছরে শতভাগ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুত্ সংযোগের উন্নয়ন করব ইনশাল্লাহ।
গতকাল বুধবার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা কালীমন্দিরে চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নাগমন্দির নির্মাণ ও মন্দিরের পাশে পুকুর ঘাট বাঁধার জন্য ৩ লাখ টাকা বরাদ্দের আশ্বাস প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালীমন্দিরের সভাপতি নিলয় রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও নিক্সন সমর্থক নেতৃবৃন্দ। পরে তিনি চরবিষ্ণুপুর ও ভাষাণচর ইউনিয়নে প্রায় ১ কোটি টাকা বরাদ্দে তিনটি সড়ক ও সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।