নেপালে অনুষ্ঠানরত এসএ গেমসের তৃতীয় দিনটা ছিল বাংলাদেশের স্বর্ণ জয়ের দিন। আনন্দ উত্সবের দিন। এক ভেন্যু হতে অন্য ভেনুতে ছোটাছুটি ছিল সংগঠক, সাংবাদিকদের। সোনার দিনের মতো ছিল না কালকের দিনটি। গতকাল গেমসের চতুর্থ দিনে রৌপ্য আর ব্রোঞ্জ জয়ের দিন গেছে। আজ থেকে আবার পঞ্চম স্বর্ণপদকের খোঁজে নামবে বাংলাদেশ। পুরুষ ও মেয়েদের কাবাডি খেলায় নেপালের বিপক্ষে বাংলাদেশ হারলেও বিতর্ক হয়েছে মেয়েদের খেলায়। রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে মাঠে বাংলাদেশের লোকজন প্রতিবাদ করেছেন।
কৃতিপুরে ছেলেদের খো খো ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্য পেয়েছে বাংলাদেশ। মেয়েদের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। অ্যাথলেটিকসে লংজাম্পে বাংলাদেশের আল আমিন ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৭.৬০ মিটার লাফিয়েছেন তিনি। স্বর্ণ ও রৌপ্য জয় করেছেন ভারতের অ্যাথলেট। মেয়েদের লং জাম্পে বাংলাদেশের রিংকি খাতুন পঞ্চম হয়েছেন। অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে আট জনের মধ্যে সপ্তম হয়েছে। সময় নিয়েছেন ২৫.৫৯ সেকেন্ড। ভারতের অর্চনা স্বর্ণ ও পাকিস্তানের নাজমা পারভিন রৌপ্য জয় করেছেন। ২০০ মিটার ছেলেদের ইভেন্টে বাংলাদেশের সাইফুল ইসলাম ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে সপ্তম হয়েছেন। এই ইভেন্টে স্বর্ণ জয় করেছেন পাকিস্তানের উজাইর রেহমান এবং রৌপ্য জয় করেছেন শ্রীলঙ্কার ভিনোজ সরাঞ্জয়া। মেয়েদের লংজাম্পে ভারতের লড়াইয়ে পুরুষদের ৫০ কেজি ওজন কুমিতে বাংলাদেশ ব্রোঞ্জ পেয়েছেন সবুজ মিয়া। মেয়েদের ৬৮ ঊর্ধ্ব ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পেয়েছেন আবিদা সুলতানা। উশুতে সাদিয়া আক্তার, বাসনা খন্দকার, রিতা বিশ্বাস, মিলন হোসেন, রাকিব খন্দকার বিভিন্ন ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে আরদিনা ফেরদৌস আঁখি পঞ্চম হয়েছেন স্বর্ণ জিতেছেন ভারতের আনু সিং। পোখারায় অনুষ্ঠিত পুরুষ হ্যান্ডবলে ভারতের কাছে ৪২-৩৩ গোলে হেরে উড়ে গেছে বাংলাদেশ।
ব্যাডমিন্টনে মিকস্ড ডাবলসে নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মেয়েদের দ্বৈতে কোয়ার্টার ফাইনালে এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি ২১-১২, ২১-১৪ পয়েন্টে ভারতের কাছে হেরেছে। হেরেছেন বৃষ্টি-রেহানা জুটিও। ছেলেদের একক কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ।