আসন্ন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের সাবেক অফ স্পিনার জিতান প্যাটেলকে দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সফরে আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হওয়া প্রথম টেস্টের আগেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন ৩৯ বছর বয়সি প্যাটেল। বর্তমানে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে একটি দলের হয়ে খেলছেন তিনি। এক বিবৃতিতে প্যাটেল বলেন,‘ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার সুযোগ বারবার আসে না এবং খুব সাধারণভাবেই আমি এটা প্রত্যাখ্যান করতে পরিনি।’ চলতি সপ্তাহে শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড। ইংলিশদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে চার টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তারপর আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড।