সিলেটে কটরেলের বদলি সামি

বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটু জটিলতার মধ্যেই আছে সিলেট থান্ডার্স। তাদের তিন জন বিদেশি টি-টেন লিগে ডাক পেয়েছেন। তবে দলটিকে এই তিন জন খেলোয়াড় নিশ্চিত করেছেন যে, তারা ৯ ডিসেম্বরের মধ্যে বিপিএল দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু দলটি বিপিএলে পাবে না ক্যারিবীয় ফাস্ট বোলার শেলডন কটরেলকে। তার বদলে দলে নেওয়া হয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামিকে।

কটরেল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বিপিএলে চলে আসবেন, এমন আশা ছিল সিলেটের। কিন্তু এই ফাস্ট বোলার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ডাক পেয়েছেন। ফলে তার বদলি নিতে হয়েছে। সিলেটের প্রধান নির্বাহী রিয়াজুর রহমান রোহান বলেছেন, ‘কটরেল ওয়ানডে সিরিজ খেলবে, এটা আমাদের জানা ছিল না। ফলে তার বদলি হিসেবে আমরা সামিকে নিয়েছি। বাকি বিদেশিরা সময়মতো চলে আসবে।’

এদিকে অনুশীলন শুরু করা সিলেটের খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত বলছিলেন, এবার বিপিএলে সবগুলো দলের সম্ভাবনা সমান, ‘কম সময় পাব হয়তো, তবে এরমধ্যেই নিজেদের ঝালিয়ে নিতে চেষ্টা করব। আমার কাছে মনে হয় এখানে প্রত্যেকটা দলই ভালো, ঐভাবে চিন্তা করার কিছু নেই। মাঠে যারা ভালো খেলবে তারা হয়তো জিতবে, দিনশেষে সবাই কাগজে কলমে ভালো দল।’

দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। কোচ হিসেবে গিবসকে এখনই মূল্যায়ন করতে অবশ্য নারাজ সৈকত, ‘যখন আসবে তখন কথা হওয়ার পরই বুঝতে পারব। ওনার সঙ্গে এই প্রথম কাজ করা হবে, আসার পর কথা হলে বুঝতে পারব।’