বাংলাদেশের বিপুল কর্মঠ জনগোষ্ঠীর দেশে-বিদেশে কাজের ব্যবস্থা করতে হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে আর মাত্র এক দশক বাকি। আমরা আমাদের যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বুধবার তিন দিনব্যাপী বুসান ডেভেলপমেন্ট পার্টনারশীপ ফোরাম ২০১৯ ও কার্যকর উন্নয়ন সহায়তার লক্ষ্যে বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক ১৮তম স্টিয়ারিং কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কো-চেয়ার হিসাবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সভায় অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সম্পদ হলো—এর বিপুল কর্মঠ জনগোষ্ঠী। এ জনশক্তির দেশে বিদেশে কাজের ব্যবস্থা করে দিতে হবে, সেক্ষেত্রে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন,  ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন করতে হবে। মানুষের মধ্যে আশা ও বিশ্বাস জাগ্রত করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক খাতে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য খাতওয়ারী চাহিদাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। নজর দিতে হবে কোন দেশের ওপর চাপিয়ে দেওয়া অস্বাভাবিক সমস্যা সমাধানের দিকেও। যেমন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া মিয়ানমার থেকে আগত ১০ লাখের মতো যে রোহিঙ্গা আছে তাদের সমস্যার আশু সমাধান করতে হবে। এছাড়া তুরস্ক, জর্ডান ও ফিলিস্তিনের বিদ্যমান সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ করতে হবে।