রাজশাহী সীমান্তে গত ১৭ অক্টোবর বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলির ঘটনায় বিজিবির কমান্ডিং অফিসার ও হাবিলদারের কোর্ট মার্শালের খবরটি গুজব বলে জানিয়েছে বিজিবি। এ সংক্রান্ত ভারতীয় একটি অনির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টালের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি ছড়ানোর হয়েছে—সেটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া ঐ ঘটনায় কোর্ট মার্শাল হওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে বিজিবি ১ নম্বর ব্যাটালিয়নের (রাজশাহী অঞ্চল) কমান্ডিং অফিসার লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সুযোগও নেই। আমি স্বপদে দায়িত্ব পালন করছি। আমার কোনো হাবিলদারের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুরোটাই গুজব। বিষয়টি আমাকে বিব্রত করছে। ’
রাজশাহী সীমান্তে গত ১৭ অক্টোবর পদ্মা ও বড়াল নদীর সংযোগস্থলে বাংলাদেশের অন্তত অর্ধ কিলোমিটার ভেতরে অবৈধভাবে ইলিশ শিকার করার সময় ভারতের চার জেলেকে আটক করে মত্স্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরে বিএসএফের একটি স্পিডবোট সেখানে উপস্থিত হয়ে তিন জেলেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বিএসএফ সদস্যরা গুলিও করে। বিজিবি পালটা গুলি চালালে বিএসএফ সদস্য বিজয় ভান সিং নিহত এবং আহত হন আরেক বিএসএফ সদস্য রাজবীর সিং।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বিষয়টি কেউই আমাদের নজরে আনেনি। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারে (এনটিএমসি) ভুয়া খবরগুলো মনিটরিং করা হয়। তারা আমাদের জানালে আমরা ফেসবুককে বললে ঐ লিংগুলো বন্ধ করে দেয়।