সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজের বিরুদ্ধে মামলা

সাড়ে ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি ফিরোজ ইকবাল ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজ নামে ৬৪ লাখ ৬৭ হাজার ৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৩৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় ব্যাংকে জমা করে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক এর অবৈধ প্রকৃতি, উত্স, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর/হস্তান্তর/রূপান্তর করত ছদ্মাবরণের চেষ্টা করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে ১ কোটি ৫৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।