দূষণ নিয়ন্ত্রণে কলকাতায় সাইকেলে চলার জন্য পৃথক পথ হচ্ছে

কলকাতায় দূষণ কমাতে গাড়ি, বাইকের পরিবর্তে যাতায়াতের জন্য বাইসাইকেলের ব্যবহার বাড়াতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য আলাদা পথ তৈরির পরিকল্পনা হচ্ছে। শহরের মধ্যে কোন কোন পথ বাইসাইকেলে যাতায়াতের জন্য উপযুক্ত হতে পারে তা জানতে সমীক্ষা করানো হচ্ছে।

দিল্লির মতো কলকাতায়ও দূষণ বাড়ছে। নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা সংলগ্ন ধাপায় জঞ্জাল ফেলার জায়গা। সেটি স্থানান্তর করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। জঞ্জাল ফেলার জায়গায় লাগানো হচ্ছে ঘাস। ইতিমধ্যে কলকাতা সংলগ্ন নিউ টাউনে সাইকেলে চলার জন্য আলাদা লেন করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্রে খবর, চীনের বেশ কয়েকটি শহরে দূষণ কমাতে সাইকেলের ব্যবহার বাড়িয়ে সুফল পাওয়া গেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে চলতে চাইছে। শুধু সাইকেল চলাচল নয়, যে রাস্তা দিয়ে সেগুলো যাতায়াত করবে তার সংলগ্ন পার্কিংয়ের জায়গাও খোঁজা হবে। ছয় মাসের মধ্যে সমীক্ষা শেষ হবে। তার পর কাজ শুরু।