বাংলাদেশের জন্য ১০ হাজার হজ কোটা বাড়াল সৌদি আরব

বাংলাদেশি হজযাত্রীদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। এর ফলে আগামী বছর ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের হজ ও উমরা প্রতিমন্ত্রী ডক্টর আবদুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত। এই বৈঠকে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী ২০২০ সালের হজে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ছে ১০ হাজার। এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন সংখ্যা ১০০ এবং সর্বোচ্চ সংখ্যা ৩০০ বহাল থাকছে। শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তে ঢাকায় সম্পন্ন করা হবে। মদিনা থেকে হজ ফ্লাইটের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য এআইটিএ সনদ থাকার শর্তারোপ করা হচ্ছে না। প্রত্যেক হজযাত্রীর ইন্স্যুরেন্স কভারেজ দেবে সৌদি সরকার।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী নাজমুল হক সৈকত এসব কথা জানিয়েছেন।