শুধু স্বপ্নরা পড়ে থাকে

কর্পূরের মতো লবণও উড়ে যায় বাতাসে

বৈরী সময় এলে,

উড়ে ফিরে যায় শীতের অতিথি পাখিরা

বসন্তের সুগন্ধ পেলে।

দীপ্ত ঝলমল দিনের ঢলে পড়ে বেলা

আশাবরী সুরে সন্ধ্যা নামে,

সকালের ধুলায় ঝরে পড়ে তাজাফুল

বিষাদিত ফাল্গুন কাননে।

পদচিহ্ন রেখে যায় পথিক পথের সীমানা

ফুরিয়ে যায় যেখানে,

ছায়া স্বপ্নবাঁশির সুর বেজে যায় নিঃসীম

শূন্যতার কানে কানে।

মন্ত্রীর গাড়ি আসবে বলে সময়ের জলে

স্বপ্নরা খাবিখায় দুর্বিপাকে,

বিষণ্ন বিকেল চলে যায়, চলে যায় মানুষ

শুধু স্বপ্নরা পড়ে থাকে সময়ের বাঁকে।

স্বপ্নরা বারবার জেগে উঠে ফিরে আসে

অনাগত নবজাতকের কাছে

স্বপ্নরা স্বপ্ন দেখে স্বপ্নের পিছু পিছু ছুটে

পথ হারায় শেষে মহাকালের রাহুগ্রাসে।