বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন বিশ্বের বাঘা বাঘা অভিনেতারা। অনেক অভিনয়শিল্পীর স্বপ্ন এটা। কিন্তু সে সুযোগ ক’জনের হয়? তবে কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন নিঃসন্দেহে ভাগ্যবান। তাকে দেখা যাবে বঙ্গবন্ধু রূপে।
২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে। এর অংশ হিসেবে ২০ মার্চ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে ত্রিমাত্রিক একটি আয়োজন থাকছে। সেদিনই অনুষ্ঠানস্থলে বড়পর্দায় শেখ মুজিবুর রহমান রূপে দেখা যাবে কলকাতার এই অভিনেতাকে। যেখানে তিনি পড়ে শোনাবেন ৭ মার্চের ভাষণ। বিষয়টি প্রসঙ্গে কৌশিক সেন বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছি, এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে। আর এটি মূলত হলোগ্রাফিক কাজ। প্রযুক্তিগতভাবে আমার কাছে যা সবসময় জটিল লাগে। তবে আশার কথা হচ্ছে, এটি পরিচালনা করছেন অ্যাডাম ডোনেন। তার প্রসঙ্গে কাছ থেকে জানাটা আমার জন্য সেরা অভিজ্ঞতার একটি। ইউরোপে তিনি বেশকিছু কাজ করেছেন। আশা করছি এটাও অনবদ্য হবে।’