ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনৈতিকতার অভিযোগ তুলে সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে গত বুধবার আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, ‘ন ডরাই ছবির প্রধান চরিত্রের সঙ্গে হযরত আয়েশার (র.) নামের মিল রাখা হয়েছে। ছবির প্রধান চরিত্রের সঙ্গে হযরত আয়েশার নাম ব্যবহার করে অশ্লীল দৃশ্যধারণ করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাতের শামিল। এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে বা কেউ কষ্ট পাবে এমন কিছু এই সিনেমায় নেই, এটা আমার মনে হয়। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমরা এমন কিছুই দেখানোর চেষ্টা করিনি। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডে ভাষা বা শব্দগত একটা ত্রুটি দেখা দিয়েছিল। সেন্সর বোর্ডের প্রতি সম্মান রেখে আমরা সেটিও মিউট করে দিয়েছি। তারপরও কেন আইনি নোটিশ আসবে, আমি বুঝি না।’
এদিকে নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির প্রদর্শনী বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে হযরত আয়েশা (র.)-কে অপমান করায় নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।