তাকে বলা হচ্ছিল ‘লেডি ওবামা’। ২০২০ সালের নির্বাচনে জিতলে তিনিই হতেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিস প্রেসিডেন্ট দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। আর সেই খবর জানার পরই ‘আপনাকে মিস করব’ বলে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট সিনেটরও টুইটের জবাব দিলেন ঝটপট। লিখলেন, ‘চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট। বিচারে আপনার সঙ্গে দেখা হবে।’ ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে এতদিন ধরে জোর সওয়াল করে এসেছেন কমলা। প্রেসিডেন্টের টুইটের জবাবে সেই প্রসঙ্গই টেনে এনেছেন তিনি। —আনন্দবাজার পত্রিকা