কৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন

মহান আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা গুরুত্বপূর্ণ ইবাদত। কৃতজ্ঞ মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন এবং অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভীষণ অপছন্দ করেন। কৃতজ্ঞতাবোধ আমাদের সমাজ থেকে এখন নির্বাসিত। বরং বিপদে সাহায্য করলে অস্বীকার তো বটেই, ক্ষেত্রবিশেষে তার ক্ষতি করতেও অনেকের বিবেকে বাধে না। ফলে পরিবারে, সমাজে, অফিসে, মহল্লায় ও রাষ্ট্রে অনাচার, রেষারেষি বৃদ্ধি পেয়েছে। কোনো উপকারের বিনিময়ে উপকার দেওয়া খুব জরুরি।

আমাদের প্রথমে মহান আল্লাহর কাছে এবং পরে উপকারী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হতে হবে স্রষ্টার সৃষ্টির প্রতি। কৃতজ্ঞতা মানুষের পারিবারিক ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। আমরা সহজেই অতীত ভুলে যাই। উপকারী লোকের সঙ্গে দেখা হলে এমন ভাব করি যেন তার সঙ্গে এই প্রথম দেখা হয়েছে। এমন মনোভাব দেখানো কখনো উচিত নয়। অকৃতজ্ঞ লোককে মহান আল্লাহতায়ালা যেমন পছন্দ করেন না, তেমনি সমাজের কোনো মানুষও অকৃতজ্ঞ মানুষকে পছন্দ করেন না। কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ খুশি হন এবং নেয়ামত বৃদ্ধি করে দেন। আর অকৃতজ্ঞ হলে হাশরের ময়দানে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পবিত্র  কোরআনে এরশাদ হয়েছে, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর’। (সুরা ইব্রাহিম:৭)। আল্লাহ তায়ালা আরো বলেন, ‘তোমরা আমাকে স্মরণ করো। আমি তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা আদায় করো; অকৃতজ্ঞ হয়ো না। (সুরা বাকারা :১৫২)। মহান আল্লাহ আরো এরশাদ করেন, আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন। (সুরা যুমার :৬৬)। কুরআনে আরো এরশাদ হয়েছে, ‘আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন’। (সুরা দোহা :১১)। মহান আল্লাহ বলেন, আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অচিরেই প্রতিদান দেবেন। (সুরা আলে ইমরান :১৪৪)। হজরত আবু সাঈদ খুদরি (রা) থেকে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (স) বলেছেন, যে কেউ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। (তিরমিজি : ১৯৫৫)। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (স) রাতে এত দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করতেন যে, তার পাগুলো ফুলে যেত। আমি বললাম হে আল্লাহর রাসুল! আপনি এরকম কেন করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা আপনার পূর্বাপর সমস্ত পাপরাশি ক্ষমা করে দিয়েছেন? তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না? (বুখারি :৩৬১)। বর্তমান সমাজে কৃতজ্ঞতা আদায়কারী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং অকৃতজ্ঞদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ কৃতজ্ঞতা মুমিনের এক অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

লেখক :সাংবাদিক ও শিক্ষক