রাজশাহীর তানোর উপজেলায় খাদ্যগুদামের পূর্বপাশে বিলকুমারী বিল। আর এই বিলেরপাড় ঘেঁষে গড়ে উঠেছে হাঁসের খামার। শুধু বিলকুমারী বিল নয়, শিবনদীর পূর্ব পাশে কামারগাঁ, ধানতৈড়, তালন্দ, কালীগঞ্জসহ নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ এসব হাঁসখামার। হাঁস খামারি বেলাল উদ্দীন বলেন, দিনভর বিলে চরে হাঁসগুলো। ঘুরে ঘুরে খায় প্রাকৃতিক খাবার। বাড়তি খাবার দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। এছাড়া বিল থেকে শামুক এনে খাওয়ানো হয় হাঁসগুলোকে, তাতে যেমন হাঁসগুলো স্বাস্থ্যবান হয়, তেমনি ডিম দেয় ধারাবাহিকভাবে। এ ছাড়া নদী ও বিল কেন্দ্রিক খামারিদের হাঁস পালনে তেমন একটা খরচ নেই বললেই চলে। অল্প পুঁজি খাটিয়েই এই ব্যবসা করা যায়। লাভও ভালো হয় বলেন ঐ খামারি। তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবিব জানান, নদী, খাল-বিল ও ছোটো-বড়ো পুকুর মিলিয়ে তানোরে ৬০টি হাঁসের খামার রয়েছে।