চাটখিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

জনবল ও সরঞ্জামাদি সংকটে সেবা ব্যাহত!

নোয়াখালী জেলার চাটখিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নানা সমস্যায় জর্জরিত। স্টেশনটিতে ২৭টি কর্মকর্তা ও কর্মচারীর পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৫ জন। বর্তমানে নিয়োজিত এই জনবলের ১৫ জনই ডেপুটেশনে অন্যত্র থেকে এখানে কর্মরত রয়েছেন। জনবলের সংকট ছাড়াও স্টেশনটিতে প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, চাটখিল উপজেলা সদর থেকে ২ কিলোমিটার পশ্চিমে পরকোট ইউনিয়নের পরকোট গ্রামে ২০১৫ সালে ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপিত হয়। গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে স্টেশনটির উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে অন্য ফায়ার স্টেশন থেকে ডেপুটেশনে আসা জনবল দিয়ে এর কার্যক্রম শুরু হলেও অদ্যাবধি প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি না আসায় স্থানীয়রা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তাছাড়া, প্রতিষ্ঠার তিন বছর অতিবাহিত হওয়ার পরেই ভবনের উত্তর পার্শ্বের দেওয়াল ধসে পড়েছে।

চাটখিল ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, এখানে ২৭টি কর্মকর্তা ও কর্মচারীর পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৫ জন। কর্মরত এ ১৫ জনই ডেপুটেশনে এখানে কর্মরত রয়েছেন। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব রয়েছে। চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইয়াছিন বলেন, জনবল সংকট ও সরঞ্জামাদির সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বৃহত্তর নোয়াখালী ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জসিমউদ্দিন জানান, চাটখিলে এখনো স্থায়ীভাবে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। বিভিন্ন স্টেশন থেকে কর্মী এনে আপাতত কাজ চালানো হচ্ছে।