বেগমগঞ্জে মাল্টা চাষ বাড়ছে

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মাল্টা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে। বেগমগঞ্জ নীচু এলাকা বিধায় শীতকালীন বোরো ছাড়া অন্য ফসল হয় না। বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে প্রশিক্ষণসহ নানাভাবে রবি ফসল চাষ ও সুস্বাদু মাল্টা চাষে আগ্রহী করে তুলেছে।

বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভূঞা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল দে, দেলোয়ার হোসেন জানান, বেগমগঞ্জের কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে সর্বপ্রথম রছুলপুর গ্রামের কৃষক রায়হানের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার এক বিঘা উঁচু জমিতে মাল্টা চাষের সিদ্ধান্ত নিয়ে ২০১৭ সনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারী-১ জাতের ৬০টি মাল্টার কলম প্রদান করা হয়। এ ছাড়া ২০১৮ সনে ২০ জন কৃষককে ৩০টি করে এবং ২০১৯ সনে ১০ শতক জমিতে চাষ করার জন্য একই সংখ্যক কৃষককে ২০টি করে মাল্টার কলম প্রদান করা হয়। এতে কৃষকদের মধ্যে মাল্টা চাষের আগ্রহ সৃষ্টি হয়। বর্তমানে বেগমগঞ্জের বিভিন্ন স্থান থেকে মাল্টা চাষ করার জন্য চাহিদা আসতে থাকে।

কৃষক মোহাম্মদ রায়হান জানান, ২০১৯ সনে মাল্টার ফল আসে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে ফল পাকতে আরম্ভ করে। ফল ধরার পর প্রতিদিন অনেক লোক মাল্টা বাগান দেখতে আসছে। ভবিষ্যতে বাগান সম্প্রসারণ করার আশা রয়েছে।