ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নে বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম তুহিন ব্যাপারী (২২)। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নিহতের মামা ফারুক মিয়া হত্যা মামলা দায়ের করেছেন।
থানার উপপরিদর্শক মানিক মিয়া জানান, গত ছয়-সাত মাস আগে উপজেলার বাইশরশি স্কুল মাঠে ফুটবল খেলার ম্যাচকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারি হয়। সে সময় মানিকদাহ ইউপি চেয়ারম্যান আবু সাঈদ দুই পক্ষকেই ডেকে মীমাংসা করে দেন। ঘটনার দিন মানিকদাহ ইউপির সাবেক চেয়ারম্যান সাহেব মিয়ার বাড়িতে উরস মাহফিলের অনুষ্ঠানে যোগ দেয় তুহিন ও তার কয়েক জন বন্ধু। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কতিপয় দুর্বৃত্ত তুহিন ও তার বন্ধুদের মারধর করে। এক পর্যায় তুহিন দৌড়ে পালাতে গেলে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার গলায় ছুরি মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।