কাউখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পুরাতন আদালত ভবন প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
বরিশালে আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালন
বরিশাল অফিস আন্তর্জাতিক মৃত্তিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে র্যালি বের হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বাধীন র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন।
ঝিনাইগাতীতে কৃষক মেলা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা আরডিএসর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলার ডাকাবর এলাকায় কৃষক মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর। উপজেলা কৃষিপণ্য উত্পাদক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরডিএস ফ্যাইন্যান্স ম্যানেজার পল্লব কর্মকার, প্রকল্প সমন্বয়ক উজ্জল কুমার রায় দত্ত প্রমুখ।
অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযানবিষয়ক অবহিতকরণ কর্মশালা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযানবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ওয়েলফেয়ার ইফোর্টস (উই) নামের একটি সংগঠন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।
পরিবার পরিকল্পনা সেবাসপ্তাহ উপলক্ষ্যে বিশেষ সভা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা আগামী ৭-১২ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কামারখন্দে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ সভা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ বক্তব্য দেন।
বামনায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
বামনা (বরগুনা) সংবাদদাতা বরগুনার বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়। পরে সরকারি সারওয়ারজান পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়।
মুজিবুর রহমান মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের একটি কক্ষে নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ বাংলাদেশ জাতীয় যাদুঘরের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। কলেজ চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।
কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন ও দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী।
ট্রেন দুর্ঘটনা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ঈশ্বরদী জংশনসহ বিভাগের বিভিন্ন জংশনে কর্মরত রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির আয়োজনে বৃহস্পতিবার ‘ট্রেন দুর্ঘটনা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির অফিস কক্ষে ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোকো মাস্টার ওয়ারেস আলী। প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ।