বিশেষ পরিস্থিতিতে নিকট-আত্মীয়র বাইরে পরিচিত কিংবা সম্পর্ক আছে এমন ব্যক্তিরা ইমোশনাল কারণে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ শর্তসাপেক্ষে দান করতে পারবেন। এমন বিধান রেখে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন ছয় মাসের মধ্যে সংশোধন করার নির্দেশনা দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট মামলায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ের পর রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বিশেষ পরিস্থিতিতে পরিচিত এবং সম্পর্ক আছে এমন ব্যক্তিরাও চাইলে তাদের অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন। অর্থাত্ নিকট-আত্মীয় ছাড়া কেউ অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবে না, আইনের এমন বিধান আর কার্যকর থাকছে না। একইসঙ্গে আদালত এ সংক্রান্ত আইন ও বিধিমালাও সংশোধন করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আইন অনুসারে অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা নিষিদ্ধ। তাই আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছে। গাইডলাইন দিয়েছে। দাতা নিজ ইচ্ছায় অঙ্গপ্রত্যঙ্গ দান করছেন কি না, অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা হচ্ছে কি না, দাতা মানসিকভাবে সুস্থ, মাদকাশক্ত কি না, তাও নির্ণয় করতে হবে।