রাউজানে ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২২ হাজার ২শত ৬০ জন খুদে শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে টিফিন বক্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদের হাতে এসব টিফিন বক্স তুলে দেন।
বৃহস্পতিবার বেলা দেড়টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে বিগত তিন বছর যাবৎ ধারাবাহিকভাবে চলে আসা স্কুল ফিডিংয়ের কর্মসূচীর এই টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী ও অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, চুয়েট ভিসি ড. অধ্যাপক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন প্রমুখ। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খুবিতে উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগ
এর পূর্বে বেলা দেড়টার দিকে রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
ইত্তেফাক/নূহু