অবশেষে আন্তর্জাতিক আইন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস্ (এসওপি) লঙ্ঘনের দায় স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । রাজশাহীর চারঘাট সীমান্তে এসওপির নিয়ম-নীতি লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা যে অনুপ্রবেশ করেছিল, এমন প্রমাণও মিলেছে ধারণকৃত ছবিতে। ভারতীয় প্রভাবশালী ‘দৈনিক ডেকান ক্রনিকল’ (Deccan chronicle) পত্রিকা গত ১ ডিসেম্বর এ তথ্য প্রকাশ করে।
ঐ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি কলকাতার বিএসএফ ক্যাম্প ঠাকুর ভিলায় ৫৫তম বিএসএফ রাইজিং দিবস উদ্যাপনকালে বিএসএফের উপমহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দপ্তর) এসএস গুলেরিয়া তার বক্তব্যে বলেন, আমাদের পক্ষ থেকে এসওপি লঙ্ঘন হয়েছে। বিষয়টি তদন্তেরও আদেশ দিয়েছে আদালত। এসওপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসওপি লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে মুর্শিদাবাদের কাকমারি চরের বিএসএফের উপপরিদর্শকসহ তিন সদস্যের বিরুদ্ধে আদালত তদন্ত শুরু করেছে।