গাজীপুরের টঙ্গী মরকুন এলাকার আমার দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়ে হামলা, মারপিট, ভাঙচুর, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. শামসের আলী অভিযোগ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর এলাকার সন্ত্রাসী আমজাদ হোসেন জুনা, শাখাওয়াত হোসেন আরিফ, আব্দুল মান্নান, মো. নুরুজ্জামান, মো. কামাল হোসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমিতির অফিসে প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি ও অফিসে তালা দিয়ে চলে যায় তারা। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করলে ১ নম্বর আসামিকে পুলিশ গ্রেফতার করে। জামিনে ছাড়া পেয়ে উক্ত আসামি বাইরে এসে ‘জামিন পাওয়ার খরচ ৫ লাখ টাকাসহ’ মোট ১৫ লাখ চাঁদা দাবি করে এবং মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেয়। মামলা প্রত্যাহার না করায় আসামিরা অব্যাহতভাবে তাকে এবং সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ কারণে তিনি এবং অফিস স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।