ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত অডিও প্রচার করা হয়েছে। তিনি বলেন, অডিওটির প্রথম অংশের কথোপকথন ছিল আমার খালা ও আমার পরিচিত এক ভাইয়ের সঙ্গে। যেখানে আমার খালার কনস্ট্রাকশন ফার্মের ১৩ কোটি টাকার একটি কাজের ব্যাংক গ্যারান্টি নিয়ে ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। যা একান্তই ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসাসংক্রান্ত বিষয়। বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে নুরুল হক গণমাধ্যমের প্রতি অভিযোগ করে বলেন, ‘গত ৩ ডিসেম্বর দুটি টিভি চ্যানেল আমার কথোপকথনের একটি অডিও ক্লিপের খণ্ডিতাংশ বিকৃতভাবে প্রচার করে ভুলভাবে ব্যাখ্যা দেয়। যা আমার সম্মানহানি ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।