রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া সেই তরুণীর পরিচয় মিলেছে। ঐ তরুণীর নাম রুবাইয়াত শারমিন রুম্পা (২১)। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। তার বাবা পুলিশ পরিদর্শক রোকন উদ্দিন। তার বাড়ি ময়মনসিংহ হলেও থাকতেন মালিবাগের শান্তিবাগে।
এর আগে, গত বুধবার রাতে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই বাড়ির মাঝ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ঐ তরুণীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের চিকিত্সকদের ধারণা, মৃত্যুর আগে ঐ তরুণী ধর্ষণের শিকার হন।
ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ওপর থেকে পড়েই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে তার মৃতদেহ থেকে হাইভেজেনাল সপসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষাগারে পাঠানো হবে। সেই রিপোর্ট এলে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নিহতের বাবা রোকন উদ্দিন। হবিগঞ্জ জেলায় পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত। ঐ তরুণীর পরিবার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করেন।
পুলিশের রমনা জোনের এডিসি এইচএম আজিমুল হক জানান, রুম্পার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।