দেশের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখন থেকে মেয়েদের বিনা মূল্যে স্যানেটারি ন্যাপকিন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পরিবারপরিকল্পনা অধিদপ্তরের অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলের মা ও মেয়ে শিশুদের জন্য অধিক মূল্য হওয়ার কারণে ন্যাপকিন ব্যবহার করা সম্ভব হয় না। এতে করে তাদের শরীরে ক্যানসারসহ নানাবিধ জটিল রোগ সৃষ্টি হয়। এ কারণে দেশের সর্বত্র এ বছর থেকেই সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে আমাদের মা-বোনদের জন্য বিনা মূল্যে এই স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হবে।
নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যু হার প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, এসডিজি অর্জনে কৈশোরকালীন মাতৃত্ব কমানোর ব্যাপারে জোর দেওয়া হয়েছে। কারণ ১৪ বছর বা তার কম বয়সি কিশোরী মায়েদের মধ্যে গর্ভজনিত জটিলতার কারণে মৃত্যুঝুঁকি পাঁচগুণ বেশি। ২০ বছরের বেশি বয়সি মায়েদের তুলনায় ১৫-১৮ বছর বয়সি মায়েদের মৃত্যুহার দ্বিগুণের বেশি। এক্ষেত্রে অধিকাংশ মায়েদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার ব্যাপারে অনীহা থাকে। এ কারণে সারা দেশের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২৪ ঘন্টা ডেলিভারি সিস্টেম চালু করে দেওয়া হবে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।