মতলব দক্ষিণ ও মাগুরায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

গত কয়েক সপ্তাহে চাঁদপুরের মতলব দক্ষিণ ও মাগুরায় ডায়রিয়া ও ঠান্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। গত ১৭ দিনে মতলবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৯৫২ শিশু। অপরদিকে মাগুরায় হাসপাতালে গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৩০০ শিশু ভর্তি হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মতলব দক্ষিণ (চাঁদপুর):আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব শাখা সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে গত ২০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত (১৭ দিনে) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৯৫২টি শিশু। এর মধ্যে পাঁচ বছর বয়সী শিশু ২ হাজার ২৫৪ জন শিশু। বাকি ৬৯৮ জনের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে। এই সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় ১৭৩টি শিশু।

কুমিল্লার হোমনা উপজেলার দেবিদ্বারা গ্রাম থেকে আসা দুই বছর বয়সি শিশু সার্থিক সাহার মা শুক্রবার বলেন, ‘মাইয়াডা ঘন ঘন বমি ও পাতলা পায়খানা করতেছিল। গত বৃহস্পতিবার এনো আনছি। স্যালাইন ও বেবিজিংক খাইতে দিছে। এহন একটু বালা।’

আইসিডিডিআরবির মতলব শাখার প্রতিষ্ঠান প্রধান ডা. ফজল খান বলেন, এ হাসপাতালে ৬০ জন ডায়রিয়া রোগীর আসন রয়েছে। কিন্তু প্রতিদিন গড়ে ১৫০ জন শিশুর চিকিত্সা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।  আইসিডিডিআরবির মতলব শাখার জ্যেষ্ঠ চিকিত্সা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, দূষিত পানি পান ও ময়লা খাবার গ্রহণই এ রোগে আক্রান্ত হওয়ার কারণ।

মাগুরা: গত এক সপ্তাহে ৩০০ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত ১০০ শিশু মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল ও অভিভাবক সূত্রে জানা গেছে, শীতে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. অমর প্রসাদ বিশ্বাস বলেন, অনেক শিশু রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।