যেসব অঞ্চল হানাদার মুক্ত হলো আজ

আজ ৭ ডিসেম্বর, ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন অঞ্চল হানাদার মুক্ত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সাতক্ষীরা : এই দিনে মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী সাতক্ষীরা ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে সাতক্ষীরা মুক্ত দিবস ঘোষণা করেন। দিনটি পালন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মাগুরা : আজকের এই দিনে মাগুরায় উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জয়বাংলা ধ্বনিতে মুখর হয়ে ওঠেছিল পুরো জেলা। দিবসটি পালন উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিজয় র্যালি, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জামালপুর : জামালপুর জেলায় পাকিস্তানি হানাদার শত্রু সেনাদের চতুর্থ দফা পতন ঘটিয়ে ইসলামপুর উপজেলা চূড়ান্তভাবে শত্রুমুক্ত করেন মুক্তিসেনারা। সে সময় হাজারও জনতা জয়বাংলা শ্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। ৭ ডিসেম্বর সকালে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির  কোম্পানি কমান্ডার শাহ জালাল প্রথম বিজয়ী পতাকা উত্তোলন করেন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ১৯৭১ এর এই দিনে জনতা ও মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাকিস্তানি হানাদারদের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন।

এদিকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে উপজেলায় স্মৃতিসৌধের নির্মাণ কাজ সম্পন্ন হলেও উদ্বোধন করা হয়নি। মুক্তিযোদ্ধা মো. আবদুল বাকি শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা সম্পন্ন না হওয়ায় ফলক লেখা অসর্ম্পূণ রয়েছে বলে জানান এবং সঠিক তালিকা তৈরি করে দ্রুত উদ্বোধনের দাবি জানান তিনি।